বিভ্রান্তি
- আবু সাইদ লিপু
ঘোর নিশি-
নেই বিদ্যুতের আলো,
ভারী পর্দায় ঢাকা জানালা গ’লে
সামান্য রশ্মিটুকুও আসছে না,
অলকার রমনীরা তখন অভিসারে।
ক্লান্ত শরীর ঘুমে কাতর
চোখের পাতা মুদে যায় আবছে।
হঠাৎই সানাই-ঝংকার স্নায়ুতে
তীব্র বেগে উঠে-নামে বেদনানুভূতি
তুমি, চোখ মেলেছো তাই।
আলোর ঝলকানি-
গ্লোবাল ফেস্টের ফায়ারওয়ার্ক্সে
কতশত আলোর বর্ণছটা
লেজার বীমের রঙিন ছন্দ।
অথবা প্যাভেলিয়ন থেকে ভেসে আসা
অবারিত নিয়ন-বন্যা।
আম্রকুটের দাবানল-সৃষ্ট দীপ্তি-নাচন
দাবানলের স্ফুলিঙ্গে চমরী মৃগের পুচ্ছের পুড়ন।
বিস্মিত হতে হতেই থমকে যাই সহসা
গ্রাস করে দুঃখ আর কষ্টের অনুভূতি
তুমি, চোখ মেলেছো তাই।
একা হই যখনি-
সম্পূর্ণ একা, কেউ নেই কোথাও
ঘড় ঘড় শব্দ নেই ফারনেসের
ফ্রিজটাও স্তব্ধ হয়ে আছে।
দেয়াল ঘড়ির টিক টিক নেই
বাথরুমের ট্যাপ থেকে জলের ফোঁটা পড়ছে না
দূর থেকে আসছে না আরতি বা আজানের ধ্বনি।
ক্ষণিকেই সচকিত
ঝড় বয়ে যায় শরীরজুড়ে আচমকা
চিনচিনে ব্যথা সইতে না পারি
তুমি, চোখ মেলেছো তাই।
দয়া করে চোখ খুলোনা-
অনুভূতিতেও এসোনা
বিভ্রান্ত কোরোনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।